প্রিমিয়ার লিগ শুরু হলো চ্যাম্পিয়ন আর্সেনালের জয়ে

arsenal mt46w9lm6akhu44 20260822154257

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে সদ্য প্রমোটেড কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানো আর্সেনাল এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম ফেবারিট। অন্তত প্রিমিয়ার লিগের শুরুর দিন মাঠের পারফরম্যান্সে সেটারই প্রমাণ দিয়েছে মিকেল আর্তেতার দল। শুরু থেকে শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রিকে পুরোপুরি চাপে রেখে খেলেছে স্বাগতিকরা।

প্রথমার্ধেই গানাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাই হাভার্টজ ও বুকায়ো সাকার গোলে। বিরতির পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। চোটের কারণে খেলতে পারেননি ক্লাবটির নতুন সাইনিং ব্রাজিলের তারকা ব্রুনো গিমারায়েস।

তবে দারুণ খেলেছেন আরেক নতুন মুখ ক্রিস্টোস জোলি। আর্সেনালের প্রথম গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে গোলের কৃতিত্ব যায় পরিচিত মুখ হাভার্টজের দখলে। ১৫ মিনিটে রিকার্দো কালাফিওরির নিচু ক্রস থেকে বল জালে পাঠান জার্মান ফরোয়ার্ড।

এর ঠিক ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। জোলিসের নিচু ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি কভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থ। তার হাত থেকে বল ছিটকে গিয়ে সাকার পায়ে পড়ে। ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের মাত্র চার মিনিটের মাথায় তৃতীয় গোল পায় আর্সেনাল। বেন হোয়াইটের কাছ থেকে বল পেয়ে রাশওয়ার্থকে পরাস্ত করেন ওডেগার্ড। যদিও তার শটটি ঠিকমতো নেওয়া হয়নি, তবুও বল জালে জড়িয়ে যায়।

অন্যদিকে পুরো ম্যাচে আর্সেনালের রক্ষণভাগ কভেন্ট্রিকে তেমন কোনো সুযোগই দেয়নি। ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছে সফরকারীরা। ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে আসা কভেন্ট্রির সামনে যে চ্যালেঞ্জটা কতটা কঠিন, সেটিই যেন এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠেছে।

Scroll to Top