বেসবল মাঠে ক্রিকেট, এশিয়ান গেমসে ক্রিকেট ভেন্যু নিয়ে নানা শঙ্কা

prothomalo bangla 2026 07 24 163qtulv prothomalo bangla2023 10e40ff78a dabd 4a6a abda 6c7ddfcc91b56863440102
সর্বশেষ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ

সময় হাতে খুব বেশি নেই। এশিয়ান গেমসে নামার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার সেরা ক্রিকেট দলগুলো। কিন্তু মাঠে নামার আগেই সামনে এসেছে একাধিক প্রশ্ন। প্রশ্ন উঠেছে মাঠ নিয়ে, উইকেট নিয়ে। এমনকি ড্রেসিংরুম, খেলোয়াড়দের হোটেল রুম নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিন। সেখানেই বসবে এশিয়ান গেমসের ক্রিকেট। ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও সেটি ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়েছে। কিন্তু নতুন এই ক্রিকেট ভেন্যু নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না অংশগ্রহণকারী দলগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, খেলা হবে হাইব্রিড পিচে। বেশির ভাগই প্রাকৃতিক ঘাস। সঙ্গে আছে অল্প পরিমাণ পলিথিন ফাইবার। পিচটি তৈরি করা হয়েছে খুব বেশি দিন হয়নি। সেখানে শুধু ক্রিকেট হয়েছে গত মে মাসে। ফলে প্রশ্ন থাকছে পিচের আচরণ নিয়েও।

এশিয়ান গেমস অপারেশনস ম্যানেজার অ্যাডাম বির্স গত মে মাসে বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, পিচটি বাউন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে জাপানে টাইফুন মৌসুম শুরু হয়। সেটিও মাঠের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। শুধু পিচ নয়, ভেন্যুর ড্রেসিংরুম নিয়েও রয়েছে উদ্বেগ।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক সূত্রের বরাতে জানিয়েছে, মাঠে ভালো ড্রেসিংরুমও নেই। দর্শক ধারণক্ষমতা প্রায় ২ হাজার। বেসবল মাঠের পুরোনো কাঠামোর কিছু অংশও এখনো চোখে পড়ে। এমনকি মাঠে রয়ে গেছে পিচারের মাউন্ড। এ অবস্থায় ক্রিকেট আয়োজন কতটা নির্বিঘ্ন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

এসব নিয়ে উদ্বেগের বিষয়টি প্রথম সামনে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই সপ্তাহ আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় বিষয়টি তোলা হয়।

সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ সদস্যদেশগুলোর প্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর জানা গেছে, ভেন্যু এবং খেলোয়াড়দের আবাসন সরেজমিনে দেখতে প্রতিনিধি পাঠাবে এসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নাকি এখন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।

তারা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং এশিয়ান গেমসের আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, খেলাধুলার কারিগরি বিষয়ে তাদের সরাসরি ভূমিকা নেই। তাই বিসিসিআইকে আয়োজক কমিটির সঙ্গে কথা বলতে বলা হয়েছে।
তবে মাঠের প্রশ্নের পাশাপাশি আরেকটি সমস্যা তৈরি হয়েছে মাঠের বাইরে। সেটা হলো খেলোয়াড়দের থাকার ব্যবস্থা।

prothomalo bangla 2026 03 18 hfbg0zb8 232824 01 02
ভারতের এশিয়ান কাপ ক্রিকেট দলে আছে যশপ্রীত বুমরার মতো তারকারাও

এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রচলিত কোনো অ্যাথলেটস ভিলেজ থাকছে না। প্রায় ১৫ হাজার অংশগ্রহণকারীকে তিন ধরনের আবাসনে ভাগ করে রাখা হবে। এর মধ্যে রয়েছে একটি বিলাসবহুল ক্রুজ লাইন, গেমস ভিলা এবং বিভিন্ন হোটেল। এশিয়ার অলিম্পিক কাউন্সিল জানিয়েছে, ক্রিকেটার, শাটলার, ফুটবলার ও সফটবল খেলোয়াড়দের রাখা হবে নাগোয়ার হোটেলগুলোয়। আর সেখানেই উঠছে নতুন আপত্তি। কারণ, কিছু হোটেলকক্ষ এতটাই ছোট বলে জানা গেছে যে, দুজন খেলোয়াড়ের সঙ্গে তাঁদের কিটব্যাগ ও লাগেজ রাখাই কঠিন।

সমস্যাটা বোঝাতে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের এক অফিশিয়াল বলেছেন, ‘এটি সত্যিই একটি সমস্যা। কারণ, ঘরগুলো খুবই ছোট। একজন খেলোয়াড় যদি তাঁর কিটব্যাগ খোলেন, তাহলে দাঁড়ানোর মতো খুব বেশি জায়গা আর অবশিষ্ট থাকবে না। আমরা এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছি।’

এশিয়ান গেমসে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে যাত্রা শুরু করবে। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা, যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

Scroll to Top