গোয়েন্দা দেলোয়ার হয়ে আসছেন সিয়াম, ঝাঁপিয়ে পড়বেন শার্লক হোমস আর ব্যাটম্যানের মতো

prothomalo bangla 2026 08 13 vchudk3h whatsapp image 2026 08 13 at 11 40 24 am
দেলোয়ার হয়ে আসছেন সিয়াম

‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ কিংবা ‘তাণ্ডব’—প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা করে উপস্থাপন করেছেন পরিচালক রায়হান রাফী। এবার তাঁর নতুন সিনেমা ‘আন্ধার’-এ একেবারে ভিন্ন ধরনের নায়ক, গল্প, চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। তাঁর এই গল্পে রহস্যের সমাধান দেবে ‘দেলোয়ার’। এই চরিত্রটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পরিচালক রাফীর মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে একাই ঝাঁপিয়ে পরবে এই দেলোয়ার।

নিজের সিনেমার নায়কদের কখনো একই ছাঁচে তৈরি করতে চান না রায়হান রাফী। যে কারণে তিনি উদাহরণ হিসেবে নিজের সিনেমার প্রসঙ্গে টেনেছেন। তাঁর ক্যারিয়ারের সব কটি সিনেমায়, সব সময়ই চরিত্রের স্বতন্ত্রতা বজায় রেখেছেন।

prothomalo bangla 2026 08 13 o8voyiky 77436290117093645536549704022147116289508248n
ক্যারেক্টার লুকে সিয়াম

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে রাফী লিখেছেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। যে কারণে কেউ আমার গল্পের একটার নায়কের সঙ্গে আরেকটার নায়কের চরিত্রের কোনো মিল পাবেন না। কিন্তু এত দিনেও একেবারে ক্ল্যাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। “আন্ধার” আমাকে সেই সুযোগ দিয়েছে।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘আন্ধার’-এর নায়ক প্রচলিত প্রতিশোধপরায়ণ চরিত্র নন; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তাঁর মূল বৈশিষ্ট্য। নিজের কোনো স্বার্থ বা ব্যক্তিগত প্রতিশোধের কারণে নয়, বিপদে পড়া মানুষের জন্যই অশুভ শক্তির বিরুদ্ধে লড়বে সে। আর এমন চরিত্রে দর্শক প্রথমবার ভিন্ন এক সিয়ামকে দেখবেন। যে নিজে যেমন বারবার বিপদে পড়ে, তেমনি এই জট খোলা নিয়েও রহস্যের জন্ম দেয়। রাফী লিখেছেন, ‘দেলোয়ার  মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনো প্রতিশোধ নেই।’

prothomalo bangla 2026 08 13 s04tfutr 514423222239578742671971681707146878052297384n (1)
রায়হান রাফী

গোয়েন্দা দেলোয়ার চরিত্রে সিয়ামকে বেছে নেওয়ার গল্পও জানিয়েছেন রাফী। তাঁর মতে, ডিটেকটিভ দেলোয়ার চরিত্রের জন্য শুটিং শুরুর আগে আরও অনেক অভিনেতার কথা ভেবেছিলেন। কিন্তু শুটিং শেষ হওয়ার পর তাঁর মনে হয়েছে, চরিত্রটির সঙ্গে সিয়ামকে এতটাই মানিয়ে গেছে যে এখন অন্য কাউকে কল্পনাই করতে পারছেন না।

সিয়ামের অভিনয়ের প্রশংসা করে পরিচালক আরও লিখেছেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে—দেলোয়ার মানেই সিয়াম।’

prothomalo bangla 2025 12 02 k2g4ruwy 515322104 1289889145837980 8782025095207201932 n

ফলে ‘আন্ধার’-এ সিয়ামকে শুধু একজন গোয়েন্দা চরিত্রে নয়; বরং প্রচলিত নায়কোচিত বৈশিষ্ট্যের বাইরে নতুন রূপে দেখার অপেক্ষায় দর্শকেরা।
সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নাজিফা তুষি,  গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার ও তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান, স্বর্ণালী চৈতি প্রমুখ।

চলতি বছরের অক্টোবরে, দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আনতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবু পূজার ছুটি ঘিরেই মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা।

Scroll to Top